ঢাকা | বঙ্গাব্দ

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে পিসব : শতাধিক পরিবার, মসজিদ ও এতিমখানায় মানবিক সহায়তা বিতরণ

  • নিউজ প্রকাশের তারিখ : Sep 12, 2026 | ফটো কার্ড | সংবাদটি দেখেছেন: 85
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে পিসব : শতাধিক পরিবার, মসজিদ ও এতিমখানায় মানবিক সহায়তা বিতরণ ছবির ক্যাপশন : ছবি- সংগৃহীত
ad728

সংসদ প্রতিদিন ডেস্ক :: সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত নেপালের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার অনুমোদিত বেসরকারি সেবা সংস্থা পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অব বাংলাদেশ (পিসব)। সংস্থাটির উদ্যোগে ১০ দিন নেপালে অবস্থান করে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মধ্যে মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।

পিসবের প্রতিনিধি দল নেপালের রাসুয়া, নুয়াকোট ও ধাদিং জেলার বিভিন্ন দুর্গত এলাকা ঘুরে ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ করে। পরে স্থানীয় পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হয়।

পিসবের উদ্যোগে শতাধিক ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তোষক, বালিশ, কম্বল, বেড সেট, মশারি, পাতিল ও রান্নার সামগ্রীর সেট, ইলেকট্রিক চুলা এবং নগদ আর্থিক সহায়তা বিতরণ করা হয়। বন্যা ও ভূমিধসে ঘরবাড়ি ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী হারানো পরিবারগুলোর দৈনন্দিন জীবন কিছুটা স্বাভাবিক করতেই এসব সহায়তা দেওয়া হয়েছে বলে সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

শুধু পরিবার পর্যায়েই নয়, স্থানীয় ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর জরুরি প্রয়োজনেও সহযোগিতার হাত বাড়িয়েছে পিসব। তিনটি মসজিদে মাইক ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হয়েছে। এছাড়া একটি এতিমখানায় ফ্যান, খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

পিসবের পক্ষ থেকে বলা হয়েছে, মানবিক সহায়তার পাশাপাশি স্থানীয় মুসলিম সমাজের শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর জরুরি প্রয়োজন পূরণেও ভবিষ্যতে সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা করা হবে।

এ মানবিক কার্যক্রমে বাংলাদেশের আরও কয়েকটি সেবা ও মানবিক সংগঠন সহযোগিতা করেছে। আল মুমিন ফাউন্ডেশন, ইদ্দিখার ফাউন্ডেশন, সাবা সানাবিল ফাউন্ডেশনসহ বাংলাদেশের বিভিন্ন মানবিক সংগঠন এবং ব্যক্তিপর্যায়ের দাতারা এ উদ্যোগে অংশ নেন। তাদের সহযোগিতায় নেপালের দুর্গত মানুষের কাছে আরও বিস্তৃত পরিসরে সহায়তা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে বলে পিসবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

এদিকে সফরটির আরেকটি উল্লেখযোগ্য দিক ছিল প্রতিনিধি দলের সদস্যদের ব্যক্তিগতভাবে সফরের ব্যয় বহন করা। পিসবের প্রতিনিধি দলের প্রত্যেক সফরসঙ্গী যাতায়াত, থাকা-খাওয়াসহ নিজ নিজ ব্যক্তিগত খরচ বহন করেন। ফলে মানবিক সহায়তার জন্য সংগৃহীত অর্থের সর্বোচ্চ অংশ সরাসরি দুর্গত মানুষের কল্যাণে ব্যয় করার চেষ্টা করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

নেপাল সফরে পিসবের প্রতিনিধি দলে ছিলেন—সংস্থার উপদেষ্টা মুফতি মাহবুবুল্লাহ কাসেমী, সহ-সভাপতি রাকিবুল আলম, সাধারণ সম্পাদক মাওলানা ইমরান হুসাইন হাবিবী, সদস্য মুফতি আশিকুর রহমান, মাওলানা জুনায়েদ আহসান, মাওলানা মুনঈমসহ মোট ১০ জন।

পিসব কর্তৃপক্ষ জানায়, মানুষের কল্যাণে দেশের সীমানা কোনো বাধা হতে পারে না। বাংলাদেশের মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে নেপালের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর এ মানবিক উদ্যোগ ভবিষ্যতেও সামর্থ্য অনুযায়ী অব্যাহত থাকবে।

এ মানবিক কার্যক্রমে অর্থ, সামগ্রী, দোয়া, পরামর্শ ও বিভিন্নভাবে সহযোগিতা করা ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর প্রতি পিসবের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও শুকরিয়া জানানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেন : দৈনিক সংসদ প্রতিদিন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে পিসব : শতাধিক পরিবা

নেপালে বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের পাশে পিসব : শতাধিক পরিবা